এইমাত্র পাওয়া

চট্টগ্রামে ধানের শীষ ও মোমবাতি প্রতীকের সমর্থকদের সংঘর্ষ, ২ পোলিং এজেন্টসহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক।।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ধানের শীষ এবং মোমবাতির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনী উত্তেজনাকে কেন্দ্র করে সংঘটিত এ সংঘর্ষে দুই পোলিং এজেন্টসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

 বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পোলিং এজেন্ট মো. রুবেল, আসিফুল ইসলাম, শাহাদাত (৪৫), মুনতাসির (২২), একরাম (২৫), আরিফ (৩১)। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে উত্তেজনা সৃষ্টি হয়। মোমবাতি প্রতীকের সমর্থকদের অভিযোগ, বিএনপি সমর্থিত প্রার্থীর অনুসারীর প্রায় ৩০–৪০ জনের একটি দল তাদের ওপর হামলা করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে মোমবাতি প্রতীকের পোলিং এজেন্টসহ ছয় জন আহত হয়। ঘটনার পর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ বলেন, ‘আওয়ামী লীগের কর্মীদের প্রতিহত করতে গিয়ে জামায়াত ও সুন্নী জোটের প্রার্থীর সমর্থকদের সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ভোটকেন্দ্রের নির্ধারিত সীমানার মধ্যেই ঘটনাটি ঘটেছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

শিক্ষাবার্তা /এ/১২/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.