নিউজ ডেস্ক।।
উত্তরপত্র মূল্যায়নে অবহেলা ও নম্বর দেয়ায় ভুলের দায়ে বরিশালের চারজন সহকারী শিক্ষককে পাঁচ বছরের জন্য এসএসসি ও সমমান পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গতকাল রোববার বরিশাল শিক্ষা বোর্ডের আলাদা চিঠিতে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।
অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম, ঝালকাঠি সদর উপজেলার উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জন কুমার বিশ্বাস ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমির হোসেন এবং বরগুনা সদর উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান সরকার।
চিঠিতে জানানো হয়েছে, অভিযুক্ত শিক্ষকরা ২০২৫ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রসায়ন বিষয়ের (কোড: ১৭৩) উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পালন করেন। কিন্তু উত্তরপত্র মূল্যায়ন ও গণনা শেষে শিটে প্রাপ্ত নম্বরের বৃত্ত ভরাট করার সময় তারা ভুল করেন। শিক্ষকদের এ চরম গাফিলতির কারণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফল থেকে বঞ্চিত হয়।
পরীক্ষক হিসেবে নিয়োজিত থেকে অর্পিত দায়িত্বে অবহেলা ও শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ক্ষতির কথা বিবেচনা করে বোর্ড কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশ অনুযায়ী, আগামী পাঁচ বছর (২০২৬ থেকে ২০৩০ খ্রিষ্টাব্দ পর্যন্ত) এই চার শিক্ষক এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন, কক্ষ পরিদর্শক বা পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
