এইমাত্র পাওয়া

তামিম হওয়ার স্বপ্ন যার

‘টপ পারফরম্যান্স করার চেষ্টা করব। দেশের জন্য যেন কিছু করতে পারি, এটাই স্বপ্ন।’ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেওয়ার আগে এভাবেই বলেছিলেন পারভেজ হোসেন ইমন।

চট্টগ্রামের যুবা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজের ছাপ রাখলেন প্রথম ম্যাচেই। তার অপরাজিত ফিফটিতে শনিবার জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে একরকম উড়িয়ে দিল বাংলাদেশ। ৩৩ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৮ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বাঁ-হাতি ওপেনার ইমন। তামিম ইকবালের মতো হওয়ার স্বপ্ন নিয়ে যার বেড়ে হওয়া।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে বলা হয় ভবিষ্যৎ তারকাদের মঞ্চ। এ মঞ্চে আবির্ভাবের জানান দিয়ে ব্রায়ান লারা, ইনজামাম-উল-হক বা হালের বিরাট কোহলিরা নিজেদের নিয়ে গেছেন অন্য উচ্চতায়। বাংলাদেশের সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদেরও পা পড়ে যুব বিশ্বকাপে মঞ্চে। স্বাভাবিকভাবেই এই আসরে চোখ থাকে সবার।

জিম্বাবুয়ের বিপক্ষে পারফরম্যান্সে ইমনকে নিয়ে তাই আলোচনায় হতেই পারে। স্বপ্নের তারকা তামিম ইকবালের মতো বাঁহাতি ব্যাটার ইমন। জন্মশহরও তামিমের মতোই চট্টগ্রামে। এম এ আজিজ স্টেডিয়ামে ইস্পাহানি ক্রিকেট ক্লাবে তার খেলাটার প্রথম পাঠ। এরপর বিকেএসপি। ধাপে ধাপে ইমন পা রাখলেন স্বপ্নের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মঞ্চে।

১৭ বছর বয়সী এই উঠতি তারকা গেল বছর বিকেএসপির হয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও খেলেছেন। নামের পাশে লিস্ট ‘এ’ ম্যাচে সংখ্যাটা-১০। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলে নেতৃত্বও দিয়েছেন। অথচ ইমনের এক সময় খারাপ সময় জেঁকে বসেছিল। ২০১৮ সালে বাদ পড়ে যান অনূর্ধ্ব-১৯ দল থেকে।

সেবার যুব এশিয়া কাপটাও খেলা হয়নি তার। কিন্তু বিকেএসপিতে গুরু আসাদুল হক টুলটুল তাকে ফিরিয়েছেন কক্ষ পথে। বাজে ফর্ম কাটিয়ে ২০১৯ যুব এশিয়া কাপে খেললেন। দলে নিজেকে করে তুললেন অপরিহার্য। বিশ্বকাপেও তাই সেরা একাদশে ইমন ম্যানেজমেন্টের অন্যতম পছন্দ। ওপেনার হলেও প্রয়োজনে মিডলঅর্ডারেও ব্যাট করতে দেখা যায় ইমনকে। সঙ্গে অকেশনাল উইকেটকিপার। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ২১টি যুব ওয়ানডে ম্যাচ তার নামের পাশে। ২৭.৩১ গড়ে রান ৫১৯। সর্বোচ্চ ৮০।

সিরাজ বাবুল ও কুসুম আক্তার দম্পতির দুই ছেলে এক মেয়েরে মধ্যে ইমন সবার ছোট। পাড়ায় টেপ টেনিস বলে দুর্দান্ত খেলতেন। যা দেখে বড় ভাইয়ের বন্ধু পরামর্শ দিলেন ইস্পাহানি ক্রিকেট ক্লাবে ভর্তি হওয়া। এরপর বড় ভাই নিয়ে গেলেন সেই ক্লাবে। যেখানে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নুরুল আবেদীন নোবেলের (মিনহাজুল আবেদিন নান্নুর ভাই) কাছে হাতে খড়ি হয় তার। ২০০৯ সাল থেকে সেই একাডেমিতে অনুশীলন করতেন ইমন। ২০১৩ সালে সুযোগ মিলে বিকেএসপিতে ভর্তির।

তামিম ইকবাল তার স্বপ্নের ক্রিকেটার। বিদেশে প্রিয় বিরাট কোহলি। ইমন পারবেন নিজের স্বপ্নের দুই তারাদের মতো জ্বলতে? আপাতত অবশ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়েই ভাবনা ইমনের। দেশ ছাড়ার আগে এই প্রতিবেদককে বলেন, ‘যখন ক্রিকেট শুরু করি তখন থেকেই স্বপ্ন জাতীয় খেলব। সবকিছু আমার পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।

ইনশা আল্লাহ চেষ্টা করব খুব ভালো পারফরম্যান্স করতে। সেটা যে জায়গাতেই খেলি না কেন। তবে এখনই জাতীয় দল নিয়ে চিন্তা করাটা ঠিক হবে না। কারণ অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে। অল্প সময়ের মধ্যে তো কিছু হয় না। আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো করতে চাই।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.