এইমাত্র পাওয়া

ইলিয়াস কাঞ্চন কাঁদলেন

মোজাম্মেল হক বকুল পরিচালিত ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালে। আনন্দমেলা চলচ্চিত্রের ব্যানারে নির্মিত এই সিনেমা দেশব্যাপী আলোড়ন তোলে। তৈরি করেছে ঢালিউডের শীর্ষ আয় করা সিনেমার ইতিহাস। এটিকেই ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে অভিহিত করা হয়। আজও যে রেকর্ড ভাঙতে পারেনি কোনো সিনেমা।

‘বেদের মেয়ে জোসনা’ ছবির দুই প্রযোজক হলেন মতিউর রহমান পানু ও আব্বাস উল্লাহ শিকদার। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মারা গেছেন তাদের একজন আব্বাস উল্লাহ। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত ‘বেদের মেয়ে জোসনা’ ছবির নায়ক ইলিয়াস কাঞ্চনও। তার মৃত্যু সংবাদে কেঁদেই ফেললেন এই এক সময়ের প্রভাবশালী এই চিত্রনায়ক। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আব্বাস উল্লাহ ভাই ভালো সিনেমা বানানোর চেষ্টা করতেন। দর্শকের চাহিদা বুঝতেন। তিনি ‘বেদের মেয়ে জোসনা’ নির্মাণ করে ইতিহাস করেছেন। আমাকেও ইতিহাসের নায়ক বানিয়েছেন।

‘বেদের মেয়ে জোসনা’ একটা ইতিহাস। আমার গর্ব হয় এই সিনেমার নায়ক হিসেবে। আমার বন্ধু, ভাই, প্রযোজক আব্বাস উল্লাহ ভাইয়ের প্রতি চিরকাল আমি কৃতজ্ঞ। তার কাছে আমাদের সিনেমারও অনেক ঋণ আছে।’ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বনানীর চেয়ারম্যান বাড়ির চেয়ারম্যান আব্দুল হামিদের পুত্র আব্বাস উল্লাহ শিকদার। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

জানা গেছে, রোববার (১৯ জানুয়ারি) বাদ আসর বনানীর চেয়ারম্যান বাড়ির মাঠে আব্বাস উল্লাহর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.