এইমাত্র পাওয়া

বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ বললেন রাবি শিক্ষক

রাজশাহীঃ বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান। মঙ্গলবার সকালে অন্য একজনের একটি পোস্ট শেয়ার করে সেটার ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন। এই পোস্ট ঘিরে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনা।

ওই শিক্ষকের নাম খন্দকার মো. মাহমুদুল হাসান। তিনি রাবির পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।’

ওই শিক্ষকের পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে ফেসবুকে মামুনুজ্জামান স্নিগ্ধ নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লিখেছেন, ‌‘নারী শিক্ষার অগ্রদূত রোকেয়াকে (নট বেগম রোকেয়া) তিনি কাফের মুরতাদ বলে পোস্ট করলেন। পবিত্র ধর্মগুলোকে ব্যবহার করে ঐতিহাসিক ভাবেই নারীকে নিপীড়ন, অত্যাচার করা হয়েছে। সেটা চার্চের অত্যাচার কিংবা হিল্লা বিয়ে, দাসী প্রথা সবই হয়েছে ধর্মের নাম ব্যবহার করে। রোকেয়া সে কথা গুলোর বিরুদ্ধেই লিখেছেন। এই ভদ্রলোক যে বিভাগে শিক্ষকতা করেন ওই একই বিভাগে নারী শিক্ষকও আছেন, ক্যামব্রিজ পড়ুয়া ম্যামও আছেন। অনেক সনাতন মেয়ে শিক্ষার্থী আছেন, হিজাব ব্যবহার করেন না এমন শিক্ষার্থী আছেন। কিংবা ওনার মত-পথের বিরুদ্ধের মানুষ আছেন। এসব মানুষ কী আদৌও এই শিক্ষক সকল নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ? কিংবা বিশ্ববিদ্যালয় ধারণার সাথে কী নিরাপদ?

ফেসবুকে এক্টিভিস্ট সাদিকুর রহমান খান লিখেছেন, ‘বেগম রোকেয়াকে কাফের আর মুরতাদ বলে গালি দিয়েছেন রাজশাহী ইউনিভার্সিটির এক টিচার। এছাড়াও শাহবাগী টাগি বলে গালিগালাজ তো আছেই। দেখে মজাই লাগে। মানে রোকেয়া এদের কোন লেভেলের ট্রমা দিসেন, চিন্তা করেন। একটা মানুষ প্রায় ১০০ বছর আগে মারা গেছেন, সেই মানুষটারে এখনও গালিগালাজ করা লাগে। এ থেকেই প্রমাণ হয়, বেগম রোকেয়া কতটা সফল ছিলেন।’

শিক্ষকের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পরমা পারমিতা বলেন, ‘বেগম রোকেয়া ছিলেন উপমহাদেশের নারীশিক্ষা ও মানবিক মূল্যবোধের অন্যতম পথিকৃৎ। তিনি কখনোই ধর্মবিদ্বেষী ছিলেন না; বরং অন্ধ কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করেছেন- যা ইসলামসহ সব ধর্মই সমর্থন করে।’

এ বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন,‘ আমি সাজিদ হাসান নামের একজনের পোস্ট শেয়ার করে ক্যাপশনে এসব কথা লিখেছি।’

তার দাবি, ‘ওই পোস্ট পড়ে মনে হয়েছে বেগম রোকেয়া ইসলামবিদ্বেষী ছিলেন। সাজিদ হাসানের পোস্টের পুরো লেখাটা পড়লে বেগম রোকেয়ার সেই পরিচয় পাওয়া যায়।’

এমন মন্তব্যের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এই পোস্টের লেখাগুলো ভেরিফিকেশনের জন্য বড় আলেমের কাছে যেতে হবে। আপনি বুঝবেন না। আলেমের কাছে গেলেই আপনি বুঝবেন তিনি কাফের বা মুরতাদ ছিলেন কি না!’

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘এটা তার ব্যক্তিগত অভিমত। এটা অনেকের ভালো লাগবে না। এটা আমি ব্যক্তিগতভাবে এন্ডোর্স (সমর্থন) করি না।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading