নারীকে পেছনে ফেলে পুরুষরা এগোতে পারবে না: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

সমাজে নারীদের পেছনে ফেলে পুরুষরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘নারীদেরকে পেছনে রেখে আমরা এগিয়ে যেতে পারব না। এগিয়ে যেতে হলে মা বোনদেরকে সঙ্গে নিয়েই যেতে হবে।’

বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নিবরাস মাদরাসা আয়োজিত এ অনুষ্ঠানে হিফযুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৫ দেওয়া হয়।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘হযরত খাদিজা (রা.), হযরত আয়েশা (রা.) ও অন্যান্য নারী সাহাবিদেরকে নিয়েই রাসুলুল্লাহ (স.) সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও মা-বোনদেরকে দেখা গেছে।’

নারীদের উচ্চ শিক্ষার সুযোগ দিয়ে হাফেজা, আলিমা, মুহাদ্দিসা, চিকিৎসক, প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী বানাতে পারলে তারা সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘আমরা একটি নতুন দিনের স্বপ্ন দেখি। ভেদাভেদ আর নয়। আমাদেরকে একে অন্যের হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামীতে ইসলামি আদর্শের ভিত্তিতে আমরা যে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি সেটা পূরণেও নিবরাস মাদরাসা মাইলফলক হিসেবে কাজ করবে।’

এ সময় গীবত, পরনিন্দা ও পরচর্চা ত্যাগ করার জন্য সকলকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিভেদ একটি বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে, সেটি হলো কালেমা তাইয়্যেবা।’

খালিদ হোসেন নতুন দিনের স্বপ্ন দেখার কথা উল্লেখ করে জানান, ‘সবাইকে ভেদাভেদ ভুলে একে অপরের হাত ধরে সামনের দিকে এগোতে হবে। অন্যকে সম্মান না করলে নিজেও সম্মান আশা করা যাবে না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নিবরাস মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল কুররা হাফেয ক্বারী আব্দুল হক প্রমুখ।

শিক্ষাবার্তা /এ/১৯ /১১/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading