রাজশাহীঃ নাটোরের নজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে পৃথক দুটি ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রমতে, ২০২২ সালের ১ অক্টোবর এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে নাটোরের নজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন এক পরীক্ষার্থী। এসময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার কথা বলে শিক্ষার্থীকে নিয়ে রাজশাহীতে তার এক আত্মীয়ের বাড়িতে যান।
সেখানে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় সেদিন রাতে শিক্ষক ফিরোজ আহমেদসহ তিনজনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই ছাত্রীর মা। পরে র্যাব ফিরোজ আহমেদকে গ্রেপ্তার করে।
আদালত সূত্র জানায়, পুলিশ তদন্ত করে তিনজনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। তবে চার্জ গঠনের সময় বিচারক দুজনকে অব্যাহতি দিয়ে একমাত্র আসামি হিসেবে ফিরোজের বিচারকাজ শুরু করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়।
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মুন্সী আবুল কালাম আজাদ বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। মামলার বাদীও সন্তুষ্ট।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
