এইমাত্র পাওয়া

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় সরানোর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে পৌরসভার ময়লার ভাগাড় স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা ফের আন্দোলনে নেমেছেন।

রবিবার (৯ নভেম্বর) সকালে কলেজ রোডে ময়লার ভাগাড়ের সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন শ্রীমঙ্গল সরকারি কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীসহ এলাকাবাসী।

বিক্ষোভকারীরা ‘এখানে ময়লা ফেলা বন্ধ করুন, নতুবা আমাদের মেরে ফেলুন’—এই শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন।

২০১৮ সাল থেকে শিক্ষার্থীরা মানববন্ধন, স্মারকলিপি এবং প্রতিবাদ সমাবেশের মাধ্যমে জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে ময়লার ভাগাড় স্থানান্তরের দাবি জানিয়ে আসছেন। দীর্ঘ ৭ বছর ধরে আন্দোলন বাস্তবায়ন না হওয়ায় আবারও শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন।

মানববন্ধনে শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযোগ করেন, ময়লার ভাগাড়ের কারণে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে ভুগছেন। ভাগাড়ের চারপাশে ময়লার স্তুপ পাহাড়সম হয়ে গেছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত। মশা-মাছির উৎপাত এবং উৎকট গন্ধে এলাকায় থাকা দায় হয়ে উঠেছে।

এছাড়া প্লাস্টিক, বোতল, পলিথিন ও হোটেল-রেস্টুরেন্টের পচা খাবারের বর্জ্য পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

শ্রীমঙ্গল পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে জেটি রোড এলাকায় ২ দশমিক ৪৩ একর জমি ক্রয় করা হয়েছিল নতুন ভাগাড় নির্মাণের জন্য। কিন্তু আদালতের মামলার কারণে কাজ বন্ধ রয়েছে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্প অনুমোদন হলে দ্রুতই স্যানিটারি ল্যান্ডফিল ও ফিকাল ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হবে। এটি বাস্তবায়িত হলে ৫০ হাজার পৌরবাসী ও শহরতলীর জনস্বাস্থ্যের উন্নতি ঘটবে।

শিক্ষার্থী ও স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ময়লার ভাগাড় সরিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশকে দূষণমুক্ত করবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading