সাউন্ড গ্রেনেড ও জলকামানে ছত্রভঙ্গ নন-এমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক।। 

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চোখের পলকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জলকামানে ভিজে ও ধোঁয়ায় দিশেহারা হয়ে পড়েন শিক্ষকেরা। পুলিশি বাধার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করেছে পুলিশ।

আন্দোলনকারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন এমপিওভুক্তির দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য। কিন্তু হঠাৎ করেই পুলিশ অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।

নন-এমপিও শিক্ষক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিয়া বলেন, “আমরা শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করছি। সরকারের দমন-নীতি অত্যন্ত নিন্দনীয়। আমরা ঘরে ফিরবো তখনই, যখন আমাদের দাবি বাস্তবায়িত হবে—ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, গত ২ নভেম্বর থেকে নন-এমপিও শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এক দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তাদের দাবি—সারাদেশের সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দ্রুত এমপিওভুক্ত করা।

এর আগে অক্টোবরে টানা ২০ দিন আন্দোলন করার পর সরকার থেকে আশ্বাস পেয়ে তারা কর্মসূচি স্থগিত করেছিলেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় পুনরায় আন্দোলনে নেমেছেন শিক্ষকরা।

জাতীয় প্রেস ক্লাব এলাকা এখনো টানটান উত্তেজনায় রয়েছে, তবে শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.