নেত্রকোণাঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এ সরকারের অধীনে নির্বাচন হবে। ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই। সারাদেশে এখন নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। এখনো নির্বাচন নিয়ে যারা বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা পতিত স্বৈরাচারী সরকারের দোসর।’
শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোণার সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, খুঁজে দেখবেন তারা পতিত সরকারের দোসর ছিলেন। কেউ পূর্বাচলে প্লট পেয়েছেন, কেউ বা তাদের কাছ থেকে মনিটরিং বেনিফিট পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।
শফিকুল আলম বলেন, বাংলাদেশ আগে থেকেই মব ভায়োলেন্সের অভিজ্ঞতা বহন করে আসছে। ২৪ জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে, তা অস্বীকার করা যায় না। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, আমরা আর আগের কোনো লক্ষণ দেখছি না।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি নেত্রকোণা শহরের মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন জুলাই স্মৃতিসৌধে ফুল দিয়ে ২৪ জুলাইয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
