এইমাত্র পাওয়া

২০২৫ সালের এসএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ শুরু ৯ নভেম্বর

ঢাকাঃ ২০২৫ সালের এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার মূল সনদপত্র বিতরণ শুরু হচ্ছে আগামী ৯ নভেম্বর। যা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন জেলা ও উপজেলার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত তারিখে বোর্ডের সনদ শাখা থেকে মূল সনদ সংগ্রহ করতে পারবে।

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সনদ বিতরণ করা হবে। সনদ দেওয়া হবে বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলার সনদ শাখা থেকে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৯ নভেম্বর ঢাকা মহানগর, ১০ নভেম্বর মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর গাজীপুর ও কিশোরগঞ্জ, ১২ নভেম্বর মাদারীপুর ও শরীয়তপুর, ১৩ নভেম্বর ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ, ১৬ নভেম্বর নারায়ণগঞ্জ ও নরসিংদী, ১৭ নভেম্বর টাঙ্গাইল ও ঢাকা জেলার সনদ বিতরণ করা হবে।

বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধান নিজে বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে সনদ সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে তিনটি নমুনা সই সত্যায়িত করে একটি প্রাধিকারপত্র ও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সিদ্ধান্তের অনুলিপি সঙ্গে রাখতে হবে। যদি প্রধান শিক্ষক বা অধ্যক্ষের পরিবর্তে অন্য কেউ সনদ গ্রহণ করেন, তাহলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সভাপতি বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর আবশ্যক।

এ ছাড়া আবেদনপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র কোড ও স্কুল কোড উল্লেখ করতে হবে বলেও জানানো হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading