ঢাকাঃ চার দশক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাদ ধসে ৩৯ জনের প্রাণহানির ঘটনায় শোক দিবস পালন করল শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানটি।
বুধবার সকালে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নেতৃত্বে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা জগন্নাথ হলে ‘অক্টোবর স্মৃতি স্তম্ভে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা এক মিনিট নীরবতা পালন করেন।
১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে ছাত্র, কর্মচারী, অতিথিসহ ৩৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এরপর থেকে বছরের এই দিনটি বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। শোকাবহ ওই ঘটনার স্মরণে জগন্নাথ হলে নির্মিত হয়েছে ‘অক্টোবর স্মৃতি ভবন’।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবন ও হলে কালো পতাকা উত্তালন করা হয়। শ্রদ্ধা জানানোর পর আলোচনা সভা আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সেখানে উপাচার্য নিয়াজ আহমদ খান বলেছেন, “১৯৮৫ সালের ১৫ অক্টোবরের মর্মান্তিক ঘটনা জাতি-ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমগ্র বাংলাদেশকে একত্রিত করেছিল। ঐক্যের এই বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে এবং সমাজে তা ছড়িয়ে দিতে হবে।”
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি নতুন হল নির্মাণ, বিভিন্ন পুরাতন ভবন সংস্কারসহ বৃহৎ একটি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের বিভিন্ন প্রক্রিয়া এগিয়ে চলেছে এবং ইতোমধ্যেই প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে।”
উপ-উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশা বলেন, “গত এক বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছে। সেখানে হল প্রশাসন যেসব সমস্যা তুলে ধরেছে তা নিয়ে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। তবে সবক্ষেত্রে যে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে এমন না। আমরা চেষ্টা করছি।
“ধীরে হলেও অচিরেই বিশ্ববিদ্যালয়ের সব হলে সংস্কারের ছোঁয়া পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।”
ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এসে কোনো শিক্ষার্থীর প্রাণ হারানো সবচেয়ে বেদনাদায়ক। ১৯৮৫ সালের সেই ট্র্যাজেডি আমাদের শিক্ষা দিয়েছে, সচেতন করেছে। এখনও অনেক শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ ভবনে থাকছে, তাই এখনই ব্যবস্থা নিতে হবে। তা না হলে সামনে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
এদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সব হলে দোয়ার আয়োজন করা হয়।
সকালে ‘অক্টোবর স্মৃতি স্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
