চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের খসড়া ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার ও সদস্য সচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনার সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ব্যালট নম্বর প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে চাকসু নির্বাচনের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হলো।’
তিনি আরো বলেন, ‘যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি এবং প্রত্যাহার শেষে চাকসু, হল সংসদ ও হোস্টেল সংসদে ৯০৭ জন অংশগ্রহণ করবেন।’
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, চাকসু, হল সংসদ ও হোস্টেল সংসদের চূড়ান্ত প্রার্থী হলেন ৯০৮ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে লড়বেন ৪১৫ জন। হল সংসদে নির্বাচন করবেন ৪৯৩ জন। নির্বাচনে খসড়া ভোটার ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন ও ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।
চাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) ২২ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে ১৭ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১৪ জন, ছাত্রীকল্যাণ–বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সহছাত্রীকল্যাণ–বিষয়ক সম্পাদক পদে ১০ জন, দপ্তর সম্পাদক পদে ১৭ জন, সহদপ্তর সম্পাদক পদে ১৪ জন, আবাসন বিষয়ক সম্পাদক ১৭ জন, সহযোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদিকে পাঠাগার ও ক্যাফেটেরিয়ার–বিষয়ক সম্পাদক পদে ২০ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৭ জন, সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৫ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক সম্পাদক পদে ১১ জন, গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে ১৫ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক–বিষয়ক সম্পাদক পদে ১৬ জন, যোগাযোগ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া–বিষয়ক সম্পাদক পদে ২০ জন ও ৫ নির্বাহী সদস্যের পদে ৮৫ জন প্রার্থী রয়েছেন।
উল্লেখ্য, চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
