কুষ্টিয়াঃ বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা আজ চরম সীমাবদ্ধতায় আবদ্ধ। এর মুক্তির উপায় নিহিত রয়েছে জ্ঞানের ব্যাপক প্রসার ও মুক্ত প্রবাহ নিশ্চিতকরণে। রোববার (২১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের দু’দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সলিমুল্লাহ খান বলেন, অর্জিত জ্ঞানকে শুধু তাত্ত্বিক বা আনুষ্ঠানিক জ্ঞান হিসেবে নয়, বরং আত্মজীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। তিনি আরও বলেন, ইংরেজ আমল থেকে আমাদের দেশে এক ধরনের শাসন ব্যবস্থা চলছে। সেটা হলো মুষ্টিমেয় ও ভদ্রলোকের শাসন। তারা নিজেদের উপাধি দেয় এলিট।
এসময় তিনি প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস ও অ্যারিস্টটলসহ বিভিন্ন শাসনতান্ত্রিক চিন্তাধারার বিশদ আলোচনা করেন এবং শাসনব্যবস্থার শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করেন। তিনি জানান, শাসনব্যবস্থার পতন বা অবক্ষয়ের মূল কারণ হলো শাসকশ্রেণীর আত্মভ্রম-যখন তারা মনে করে তাদের প্রতিটি কর্মকাণ্ডই নিঃসন্দেহে সঠিক এবং অন্য মত ও চর্চা সবই ভুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
ওরিয়েন্টেশন দ্বিতীয় দিনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিনা নাসরিন, এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক। এসময় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ ও কলা অনুষদের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অনুষদভুক্ত শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন বিভিন্ন অনুষদের ডিন। সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম ও প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান প্রমুখ শিক্ষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি ধর্মীয়গ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনা, জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অতিথি ও নবীনদের ফুল ও গানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক তথ্য সম্বলিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়াও দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
