ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন ২০২৫-কে দেশের ইতিহাসে ‘বিরল’ ও ‘ঐতিহাসিকভাবে কালের সাক্ষী হয়ে থাকবে’ বলে উল্লেখ করেছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আমরা ধন্যবাদ জানাই। ৯ সেপ্টেম্বর দিনব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা, যেগুলো অভিযোগ আকারে এসেছে, তদন্তসাপেক্ষে আমরা সেগুলোর ব্যাখ্যা দিয়েছি।’
এতে আরো বলা হয়, ‘প্রায় সবাই একবাক্যে এবারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বলেছেন এবং দেশে-বিদেশের সর্বমহলে এই নির্বাচন ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।’ সবাই স্বীকার করেছেন, এ ধরনের নির্বাচন দেশের ইতিহাসে বিরল এবং ঐতিহাসিকভাবে কালের সাক্ষী হয়ে থাকবে।
এতে বলা হয়, ‘তবে সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে, কিছু অনলাইন এক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ নির্বাচন সংক্রান্ত অলীক তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নিশ্চিতভাবে নষ্ট করছে। আমরা এ ধরনের কাজ না করার জন্য আহ্বান করি এবং সবাইকে যাচাই করে তথ্য গ্রহণের অনুরোধ করি।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
