এইমাত্র পাওয়া

সাবেক উপাচার্য কলিমউল্লাহ পাঁচ দিনের রি মা ন্ডে

শিক্ষাবার্তা ডেস্ক।।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) দেলোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল ও একটি গবেষণা ইনস্টিটিউট নির্মাণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় অধ্যাপক কলিমউল্লাহকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে দুদক। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, অধ্যাপক কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল ও একটি গবেষণা ইনস্টিটিউট নির্মাণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনিসহ অন্য আসামিরা ওই দুটি ভবনের নকশা পরিবর্তন করেছেন। ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়।

কিন্তু অধ্যাপক কলিমউল্লাহসহ অন্যরা ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেননি।

এর আগে গত ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অধ্যাপক কলিমউল্লাহকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

অর্থ আত্মসাতের অভিযোগে গত জুনে সাবেক উপাচার্য অধ্যাপক কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পের নামে চার কোটি টাকা আত্মসাৎ করেন সাবেক দুই উপাচার্য অধ্যাপক কলিমউল্লাহ ও অধ্যাপক এ কে এম নূর উন নবীসহ অন্যরা।

শিক্ষাবার্তা /এ/ ২৭/০৮/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.