নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে পদায়ন পেয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের (সচিব) ও প্রশাসন ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা রেহানা পারভীন (৬১০৫)। দেশের ইতিহাসে তিনিই প্রথম নারী সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পদায়ন পেলেন।
সোমবার (১৮ আগষ্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।
গত ২১শে জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতকরণ প্রশ্নে সিদ্ধান্তহীনতা এবং সেই থেকে দেশব্যাপী ক্ষোভ-বিক্ষোভ নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তৎকালীন সিনিয়র জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে পদটি শূন্য ছিল।
আরও পড়ুন: রাজনৈতিক বৃত্তের বাইরে শিক্ষা সচিবের দায়িত্ব পাচ্ছেন রেহানা পারভীন
রেহানা পারভীন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব থেকে ২০২৩ সালের ডিসেম্বরে সচিব পদে পদোন্নতি পেয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে নিয়োগ লাভ করেন। ১ জানুয়ারি ২০২৪ তারিখে তিনি পরিকল্পনা কমিশন এর শিল্প ও শক্তি বিভাগ এর দায়িত্ব গ্রহণ করেন। এরপর আওয়ামী সরকারের শেষ সময়ে তিনি বেশ কিছুদিন ওএসডি ছিলেন। গত ৩ জুলাই তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের (সচিব) দায়িত্ব অদ্যবধি পালন করে আসছেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের সদস্য হিসেবে ২৫ এপ্রিল ১৯৯৪ তারিখে জনাব রেহানা পারভীন বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। রেহানা পারভীন এর নিজ জেলা নোয়াখালী। পিতা মরহুম এ. কে. এম রুহুল আমিন ও মাতা মরহুম পেয়ারা বেগম। পিতার কর্মসূত্রে শৈশব, কৈশোর ও শিক্ষা জীবন কেটেছে রাজধানী ঢাকা শহরে। অধ্যয়ন করেছেন মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল হাই স্কুল, হলিক্রস কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন ছাড়াও পরবর্তীতে AusAid প্রোগামের আওতায় তিনি Australian National University (ANU), Canberra, Australia থেকে Masters in Economics of Development ডিগ্রী অর্জন করেন। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয় এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে Post Graduate Diploma in International Relations (PGDIR) এবং Institute of Business Administration (IBA) হতে Advanced Certificate in Business Administration (ACBA) সনদ অর্জন করেছেন জনাব রেহানা পারভীন। চাকুরিজীবনে MATT-2, MATT-2 stage 2 (Bradford University, UK), Change Management (North-South University, Dhaka and Civil Service College, Singapore), Financial Programming and Policies (IMF Institute, Washington, USA), Macroeconomic Model Building for Bangladesh economy (KDI, Bank of Korea), Fiscal Policy and Macroeconomic Management (IMF Institute, Singapore) সহ দেশে-বিদেশে নানাবিধ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন তিনি।
মাঠ প্রশাসনে প্রায় ১২ বছরের চাকুরিকালে তিনি টাঙ্গাইল, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহ জেলায় ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় কর্মরত ছিলেন। মন্ত্রণালয় পর্যায়ে তাঁর কাজের অভিজ্ঞতা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে এপিডি অনুবিভাগ, সিপিটি অনুবিভাগ, উন্নয়ন অনুবিভাগ এর বিভিন্ন শাখায় তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। অর্থ বিভাগে তিনি কাজ করেছেন সামষ্টিক অর্থনৈতিক অনুবিভাগ, ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ এবং বাজেট ও ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে। এছাড়া, অর্থ বিভাগ এর Institute of Public Finance (IPF), Bangladesh এর মহাপরিচালক এবং জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালনের সুযোগ হয়েছে তাঁর।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
