মাদ্রাসার ক্লাসরুমে আপত্তিকর ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

চাঁদপুরঃ ক্লাসরুমে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নুনিয়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের চার শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- আমির হামজা, মাহমুদ হাসান, আল আমিন ও জান্নাতুল মাওয়া।

বুধবার বিকালে গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন মাদরাসার উপাধ্যক্ষ মাসুদুল আলম।

জানা গেছে, মাদ্রাসার ক্লাসরুমে আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আপত্তিকর ভিডিও ধারণ করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) অনুমতিক্রমে নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়ন কমিটি ও অভিভাবকদের সমন্বয়ে ১১ আগস্ট সোমবার জরুরি সভায় ৪ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

সোমবার মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ দেলোয়ার হোসাইন মোল্লার স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

দেলোয়ার হোসাইন মোল্লা জানান, পরিস্থিতি বিবেচনায় ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে জরুরি সভায় অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.