চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদা দাবি নিয়ে বিরোধের জেরে স্থানীয়দের হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। তারা জানিয়েছেন, হামলাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না।
শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা দুপুর ১২ টার দিকে প্রধান ফটকে তালা দেন।
আহতরা হলেন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম এবং জুবায়ের আহমেদ জিহান।প্রত্যক্ষদর্শীরা জানান, ফরেস্ট্রি বিভাগের কয়েকজন শিক্ষার্থী স্টেশনের পাশে একটি খাবারের দোকান ভাড়া করেন। কয়েকদিন আগে স্থানীয়রা তাদের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং না দিলে দোকান বন্ধ করে দেয়ার হুমকি দেয়। শিক্ষার্থীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে শুক্রবার সকালে স্থানীয়রা অতর্কিতভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, যাতে দুইজন আহত হন।
আহত শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, ‘কয়েকদিন আগে আমাদের কাছে চাঁদা দাবি করা হয়। আমরা তা দিতে অস্বীকার করি। আজ সকালে তারা সুযোগ পেয়ে আমাদের ওপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।’
পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ‘উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে মেইন গেটে তালা দিয়েছে। প্রক্টরিয়াল বডি আসার পর বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার খবর আমরা পেয়েছি। বর্তমানে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
