এইমাত্র পাওয়া

সিরাজগঞ্জের তাড়াশে ২৫ বছরেও এমপিওভুক্ত হয়নি যে বিদ্যালয়

সিরাজগঞ্জঃ সব শর্ত পূরণ করেও গত ২৫ বছরে এমপিওভুক্ত হয়নি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলের প্রাণকেন্দ্রে অবস্থিত দিঘীসদগুনা এমএআর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এতে হতাশ হয়ে পড়েছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষক-কর্মচারীরা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দিঘীসদগুনা এমএআর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই খুব সুনামের সঙ্গে প্রতিবছর এ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করে আসছে মেয়েরা।

প্রতিষ্ঠানটি গ্রামের নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ এখন পর্যন্ত এটি এমপিওভুক্ত হয়নি। এতে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘এ বিদ্যালয়ে বর্তমানে ৯ জন শিক্ষক ও তিনজন কর্মচারী কর্মরত।

বেতন-ভাতা না পাওয়ায় তারা সবাই পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। চাকরি জীবনে তাদের আনেকেরই অবসর নেওয়ার সময় হয়ে গেছে। এমপিওভুক্ত না হলে শূন্য হাতেই তাদের অবসরে যেতে হবে।’ তিনি বলেন, ‘এমপিওভুক্ত হওয়ার আশার বাণী শুনতে শুনতে আমাদের সবার অবস্থা খুবই নাজুক।

দোকানদাররা এখন আর আমাদের বাকি দেন না। কারণ তাদের ধারণা, আমরা যথাসময়ে তাদের টাকা পরিশোধ করতে পারব না।’

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মির্জা আব্দুর রশীদ মাহমুদ বকুল বলেন, ‘প্রতিষ্ঠানটি এমপিওভুক্তির সব শর্ত পূরণ করে জেএসসিতে ভালো ফল করে আসছে মেয়েরা। কিন্তু এমপিওভুক্ত না হওয়ায় এর শিক্ষক ও কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, হয়তো শিগগির বর্তমান সরকার শিক্ষক-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের মূল্য হিসেবে দিঘীসদগুনা এমএআর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি এমপিওভুক্ত করবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.