এইমাত্র পাওয়া

একাধিক অভিযোগে চবি শিক্ষক বরখাস্ত

চট্টগ্রামঃ যৌন হয়রানি, বিভাগীয় আসবাবপত্র দখলসহ একাধিক অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুল ইসলাম সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বরখাস্তের পাশাপাশি তার বিরুদ্ধে করা অভিযোগ তদন্তে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দ্বিতীয় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিন্ডিকেট সংশ্লিষ্ট একাধিক সদস্য জানিয়েছেন, সাইদুল ইসলাম সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে— শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেওয়া, যৌন হয়রানি, বিভাগীয় আসবাবপত্র দখল, অফিসরুমকে দলীয়করণ, সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং মিথ্যা তথ্য দিয়ে বিদেশি স্কলারশিপের আবেদন করা।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক সাইদুল ইসলাম সরকারকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিন্ডিকেট সভায় সাইদুল ইসলাম সরকারকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত হয়। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দ্বিতীয় তদন্ত কমিটি করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমি একটা মিটিংয়ে আছি পরে কথা বলবো।

সাইদুল ইসলাম সরকার আওয়ামী লীগের কৃষিবিষয়ক উপকমিটির সদস্য। জুলাই অভ্যুত্থানের বিরোধিতার কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন বিভাগের শিক্ষার্থীরা। এর আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.