এইমাত্র পাওয়া

নরসিংদীর বেলাবে শ্রেণিকক্ষে টিকটক করায় ৭ শিক্ষার্থী সাময়িক বরখাস্ত

নরসিংদীঃ নরসিংদীর বেলাব উপজেলার কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মোবাইল ফোনে টিকটক ভিডিও ধারণ ও নাচানাচির ঘটনায় সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয় চলাকালীন এই ঘটনাটি ঘটেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার পরিবেশ নষ্ট এবং শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের ঘটনায় এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, অষ্টম শ্রেণির ২ জন ও নবম শ্রেণির ৫ জন শিক্ষার্থী শিক্ষকের অনুপস্থিত থাকার সুযোগে শ্রেণিকক্ষে মোবাইল ফোনে নাচানাচির ভিডিও ধারণ করে। পরে টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি।

শিক্ষার্থীদের নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুবায়েত হোসেন বলেন, সাত শিক্ষার্থী শ্রেণিকক্ষে ঢুকে টিকটক করছিল। এজন্যই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী সময়ে পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

একাধিক শিক্ষক জানান, শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন থাকা নিয়মবহির্ভূত এবং এটি বিদ্যালয়ের শৃঙ্খলার লঙ্ঘন। বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের পক্ষে মত দিয়েছেন তারা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম খলিলকে না পেয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি। তবে কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বললে তারা জানান, বিদ্যালয় শুধু পাঠদানের জায়গা নয়, এটি একটি নৈতিক শিক্ষার কেন্দ্রও। প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে স্কুলের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। শৃঙ্খলার ব্যাপারে কোনো আপস করবেন না তারা।

ঘটনার পরপরই বিদ্যালয়ে জরুরি সভা হয় এবং অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি গঠন করা হয়েছে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি, যারা পুরো ঘটনার ভিডিও বিশ্লেষণসহ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল করিম বলেন, ‘আপনাদের মাধ্যমে ঘটনা জানতে পারছি। বিষয়টি ভালোভাবে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading