ঢাকাঃ ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক লিংক (ইউটিএল)।
শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এটির আত্মপ্রকাশ হবে বলে জানিয়েছেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।
তিনি বলেন, আমাদের এ সংগঠন ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের স্পিরিটকে সামনে রেখে গঠিত হতে যাচ্ছে। এ সংগঠনের মূল প্রতিপাদ্য হলো- জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মূল কাজ হবে- শিক্ষা ও গবেষণার মান সমুন্নত রাখা, শিক্ষকগণের মর্যাদা রক্ষা ও স্বাধীনভাবে শিক্ষকতা পেশায় মনোনিবেশসহ শিক্ষাক্ষেত্রের সাথে সম্পৃক্ত বিষয়ের উপর কাজ করা।
ড. বিলাল হোসাইন বলেন, গত ১৫ জুলাই আমরা সংগঠনটির আত্মপ্রকাশের কথা ঘোষণা দেওয়ার পরপরই দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে সাড়া দিয়ে আমাদের এ প্লাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন তা আশাব্যঞ্জক। আমরা আশা রাখি, শিক্ষাক্ষেত্রে আমাদের যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে তা এই সংগঠনের মাধ্যমে সম্মিলিতভাবে সমাধান করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিয়ার রহমান বিশ্বাসকে আহ্বায়ক করে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হবে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
