বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অন্তুর্ভুুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইলঃ টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ জুলাই) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবীর আহমেদ, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ খান স্বাধীন, মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কাশেম সিকদার, কালিহাতী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মোল্লা. ধনবাড়ী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সখীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমূখ।

বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর চলতি বছরের ১৭ জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত একটি পরিপত্র জারি করেন। কিন্তু পরিপত্রে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশের ৬০ হাজার কিন্ডারগার্টেন ও সমমনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রায় এক কোটি মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে।

এতে কোমলমতি শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জারিকৃত পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা সংক্রান্ত বৈষম্যমূলক, পক্ষপাত ও অগ্রহণযোগ্য পরিপত্র বাতিল করে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করে বৈষম্যহীন ও গ্রহণযোগ্য নতুন পরিপত্র জারি করার দাবি করছি।

মানববন্ধন কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষকরা অংশ নেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading