এইমাত্র পাওয়া

ইসরাইলি যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভের জেরে ৮০ শিক্ষার্থীকে বহিষ্কার-ডিগ্রী বাতিল

ঢাকাঃ গাজায় ইসরাইলি যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়া কয়েক ডজন শিক্ষার্থীকে বহিষ্কার, কোর্স থেকে স্থগিতাদেশ এবং একাডেমিক ডিগ্রি বাতিলসহ কঠোর শাস্তি আরোপ করেছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। খবর আল জাজিরার।

ছাত্র কর্মীদের সংগঠন কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্টেইড ডাইভেস্ট (সিইউএডি) যারা দীর্ঘদিন ধরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে ইসরাইলের সাথে সমস্ত আর্থিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে আসছে।

এক বিবৃতিতে তারা বলেছে, যুদ্ধবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে প্রায় ৮০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে অথবা তিন বছরের জন্য স্থগিত করা হয়েছে।

তবে, মঙ্গলবার এক বিবৃতিতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শাস্তি পাওয়া শিক্ষার্থীরা ২০২৫ সালের মে মাসে বাটলার লাইব্রেরিতে বিশৃঙ্খলা ও ২০২৪ সালের বসন্তে ‘অ্যালামনাই উইকেন্ড’-এ তাঁবু স্থাপন করে ক্যাম্পাসে অবস্থানের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন।

শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটানো বিশ্ববিদ্যালয়ের নীতি ও নিয়ম লঙ্ঘন এবং এই ধরনের লঙ্ঘনের ফলে অবশ্যই পরিণতি হবে বলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখেছে।

কিন্তু সিইউএডি গ্রুপটি লিখেছে, ‘আমরা নিরুৎসাহিত হব না। আমরা ফিলিস্তিনি মুক্তির সংগ্রামে প্রতিশ্রুতিবদ্ধ।’

২০২৪ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীরা তাঁবু স্থাপন করে গাজা উপত্যকায় ইসরাইলের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলনকে ছড়িয়ে দিতে সাহায্য করেন।

এরপর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় শত শত নিউ ইয়র্ক সিটি পুলিশ অফিসারকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিলে বিক্ষোভস্থলগুলো অবশেষে ভেঙে ফেলা হয়, যার ফলে কয়েক ডজনকে গ্রেফতার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কঠোর দমন-পীড়ন সত্ত্বেও, ছাত্র বিক্ষোভকারীরা এই বছরের মে মাসে ফাইনাল পরীক্ষার সময় বাটলার লাইব্রেরি দখল করেন।

ইসরাইলি সামরিক বাহিনীর সাথে যুক্ত কোম্পানিগুলোকে আলাদা হওয়ার দাবি জানান এবং গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading