এইমাত্র পাওয়া

উত্তরায় বিমান বিধ্বস্ত: তারেক রহমানের একগুচ্ছ মানবিক পদক্ষেপ

ঢাকাঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর একগুচ্ছ মানবিক পদক্ষেপ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২১ জুলাই) রাতে এসব পদক্ষেপ নেওয়া হয়।

পদক্ষেপগুলো হলো- জাতীয়তাবাদী কৃষক দলের পূর্বনির্ধারিত র‌্যালি বাতিল, মহিলা দলের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ‘নারীদের অবদান’ শীর্ষক অনুষ্ঠান বাতিল এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও চব্বিশের গণ-অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভায় বিএনপির দলীয় সংগীত পরিহার এবং পেশাজীবীদের আলোচনা সভায় মাইলস্টোনে নিহতের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনা।

দলের নেতা-কর্মীদের সরকারি প্রশাসনের কার্যক্রমকে সহায়তা করতে নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তাৎক্ষণিক একটি উদ্ধারকারী টিমসহ অ্যাম্বুলেন্সের বহর নিয়ে মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে যেতে দলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে নির্দেশনা দেন তিনি।

বিমান দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার অভিযানের তৎপড়তার বিষয়ে লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন তারেক রহমান।

এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ দলের অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্তদানের জন্যেও দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সর্বশেষ সোমবার রাতে (২১ জুলাই) বিএনপির সবোর্চ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নিহত শিক্ষার্থী ও পাইলটের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।

এদিকে, বিমান দুর্ঘটনাপরবর্তী চিকিৎসাসহ যেকোনো পদক্ষেপ নিতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন তিনি।

বিএনপির এই স্বেচ্ছাসেবী তৎপরতায় প্রশাসনের লোকদের জন্য সহজে উদ্ধার ও চিকিৎসার কাজ দ্রুত সম্পন্ন হয়।

আহতদের সবচেয়ে বড় সমস্যা ছিল রক্ত দেওয়া। বিএনপির মেডিকেল টিম ছাত্রদলের সহায়তায় প্রচুর রক্ত এবং হাসপাতালে শৃঙ্খলা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় দিনভর আলোচনায় ছিল তারেক মানের মানবিক পদক্ষেপ। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় তারেক রহমানের এই একগুচ্ছ ব্যতিক্রমী ও মানবিক পদক্ষেপ, যা সারা দেশেই প্রশংসিত হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.