নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অনিবার্য কারণবশতঃ উল্লেখ করে সারাদেশে বৃহস্পতিবার চলমান আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে আলাদা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে অনিবার্য কারণবশতঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিযারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন কৃষি, ডিপ্লোমা ইন টেক্সটাইল, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি) সহ আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। উল্লেখ্য অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে। সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরতি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণ বশতঃ ১০/০৭/২০২৫ তারিখের আলিম ইংরেজি ২য় পত্র পরীক্ষা স্থগিত করা হলো, স্থগিতকৃত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে। আলিম ২০২৫ এর অন্যান্য বিষয়ের পরীক্ষার সময়সূচী অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে সন্ধ্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
