এইমাত্র পাওয়া

শিক্ষা ক্যাডারদের বদলির ক্ষমতা মন্ত্রণালয়-মাউশি ভাগাভাগি করে বিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের ঢাকা  মহানগরসহ সকল বিভাগীয় শহর, গাজীপুর, নারায়নগঞ্জ, কুমিল্লা সিটি কর্পোরেশনে সকল পদের পদায়নের ক্ষমতা  শিক্ষা মন্ত্রণালয় নিজের কাছে ন্যস্ত রেখে অবশিষ্ট পদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে ন্যস্ত করে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার (৩০) জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো: মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে। এর আগে একই দিন সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা, ২০২৫ জারি করে মন্ত্রণালয়। 

বিজ্ঞপ্তিতে বদলি পদায়ন নীতিমালা অনুযায়ী সহযোগী অধ্যাপক/ অধ্যাপক/উপাধ্যক্ষ/ অধ্যক্ষ/ ঢাকা মহানগরসহ সকল
বিভাগীয় শহর, গাজীপুর, নারায়নগঞ্জ, কুমিল্লা সিটি কর্পোরেশনভূক্ত সকল পদ এবং প্রাতিষ্ঠানিক পদের নিয়োগ ক্ষমতা মন্ত্রণালয়ে ন্যস্ত থাকবে এবং সারাদেশের অবশিষ্ট পদের (প্রভাষক ও সহকারী অধ্যাপক) বদলিভিত্তিক পদায়নের ক্ষমতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ন্যস্ত থাকবে। 

এতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত শিক্ষক/কর্মকর্তাদের বদলি/পদায়ন এর নিমিত্তে ‘সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০’ সংশোধনপূর্বক ‘সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা, ২০২৫” ৩০.০৬.২০২৫ খ্রি. তারিখ থেকে কার্যকর হয়েছে। সে লক্ষ্যে সরকারি কলেজের শিক্ষকদের বদলি/পদায়ন সহজতর করার লক্ষ্যে নিম্নোক্ত নির্দেশনাবলি জারি করা হলো:

বর্ণিত বদলি/পদায়ন নীতিমালা অনুযায়ী প্রভাষক থেকে অধ্যাপক এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি/পদায়নের ক্ষেত্রে আবেদনকারী তার পিডিএস হালনাগাদপূর্বক অনলাইনে আবেদন করবেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে ১) www.shed.gov.bd; ২) www.dshe.gov.bd; এবং ৩. www.emis.gov.bd লিংকের নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে;

বদলি পদায়ন নীতিমালা অনুযায়ী সহযোগী অধ্যাপক/ অধ্যাপক/উপাধ্যক্ষ/ অধ্যক্ষ/ ঢাকা মহানগরসহ সকল বিভাগীয় শহর, গাজীপুর, নারায়নগঞ্জ, কুমিল্লা সিটি কর্পোরেশনভূক্ত সকল পদ এবং প্রাতিষ্ঠানিক পদের নিয়োগ ক্ষমতা মন্ত্রণালয়ে ন্যস্ত থাকবে এবং সারাদেশের অবশিষ্ট পদের (প্রভাষক ও সহকারী অধ্যাপক) বদলিভিত্তিক পদায়নের ক্ষমতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ন্যস্ত থাকবে;

বদলিভিত্তিক পদায়নের আবেদনপত্র অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধান অগ্রায়ণ করবেন এবং কোন আবেদন পেন্ডিং রাখা যাবে না; অনলাইন ব্যতীত অন্য কোন উপায়ে প্রেরিত বা উপস্থাপনকৃত আবেদন বিবেচনা করা হবে না; সংশ্লিষ্ট কর্মকর্তার দাখিলকৃত আবেদন অধ্যক্ষ কর্তৃক অগ্রায়ণের পর মন্ত্রণালয়/ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ নির্ধারিত নিয়মে প্রতি ১৫(পনের) দিন অন্তর মূল্যায়ন করবেন এবং বিচেনার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর পেশ করা হবে; কোন শিক্ষক/কর্মকর্তা একবার আবেদন করলে পরবর্তী ৩ মাসের মধ্যে আর আবেদনপত্র দাখিল করতে পারবেন না; একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ০৫ (পাঁচ)টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুরকৃত আবেদনসমূহের প্রেক্ষিতে দাপ্তরিক প্রক্রিয়া শেষে ওয়েবসাইটে যথাযথ কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়ন আদেশ জারী করবেন; নন-ক্যাডার কর্মকর্তা কোন ক্যাডার পদে বদলিভিত্তিক পদায়নের জন্য আবেদন করতে পারবেন না; বর্ণিত নীতিমালা বাস্তবায়নের নিমিত্তে জনস্বার্থে কর্তৃপক্ষ প্রশাসনিক আদেশে সারাদেশে কলেজসমূহ থেকে প্রয়োজনীয় পদ শূন্যকরণের ব্যবস্থা করবেন; বর্ণিত প্রক্রিয়ার বাহিরে কোন কর্মকর্তার বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক তদবির/ চাপ সৃষ্টি ও আধা-সরকারি পত্র (ডিও লেটার) উপস্থাপন অসদচারণ বলে গণ্য হবে; অসম্পূর্ণ এবং হালনাগাদ না করা পিডিএসসমূহ বিবেচনায় নেয়া হবে না; বদলি সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারীকৃত এ বিজ্ঞপ্তি অবিলম্বে কার্যকর হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading