ঢাকাঃ ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে কর্মচারীদের ২ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে।
সোমবার (২৩ জুন) বেলা ১১টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করব। বেলা ১১টা থেকে কর্মবিরতি শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। কর্মবিরতি শেষে আমরা আগামীকালের কর্মসূচি ঘোষণা করবো।
কর্মবিরতি উপলক্ষে বেলা ১১টা থেকেই সচিবালয় ২ নম্বর ভবনের তৃতীয় তলায় কেন্দ্রীয় লাইব্রেরিতে কর্মচারীরা জড়ো হতে শুরু করেন। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে কর্মচারীরা লাইব্রেরিতে আসছেন।
চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। এমন বিধান রেখে গত ২৫ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়।
গত ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন হয়। ২৪ মে থেকেই কর্মকর্তা-কর্মচারীরা আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সবগুলো সংগঠন সম্মিলিতভাবে আন্দোলন করে আসছিলেন। তারা এই অধ্যাদেশটিকে নিবর্তনমূলক ও কালো আইন হিসেবে অবহিত করছেন।
ঈদের ছুটির পর গত ১৬ জুন ফের আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। গতকালও তারা সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
তারা বিভিন্ন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া ছাড়াও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন সচিবালয়ে। সর্বশেষ তারা সচিবালয়ে ৪ নম্বর ও অর্থ মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
