রাজশাহীঃ পরিবারের সঙ্গে লম্বা ছুটি কাটাতে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই নিজ বাড়িতে পাড়ি জমিয়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৮ মে থেকে প্রায় ১৬ দিনের ছুটিতে গিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে এ বছর ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকলেও আবেদনের প্রেক্ষিতে ক্যাম্পাসেই অবস্থান করছেন প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। পরিবার ছেড়ে বিশ্ববিদ্যালয়েই ঈদ উদযাপন করবেন তারা।
বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি আন্তর্জাতিক ডরমিটরিসহ বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে প্রায় ১৮০ জন শিক্ষার্থী আছেন। নবাব আব্দুল লতিফ হলে ১১ জন, শাহ মখদুম হলে ১২ জন, সৈয়দ আমীর আলী হলে ৯ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১১ জন, মতিহার হলে ১২ জন, শেরে বাংলা এ কে ফজলুল হক হলে ৭ জন, মাদারবখশ হলে ৪ জন, শহীদ শামসুজ্জোহা হলে ২৮ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১৭ জন, শহীদ জিয়াউর রহমান হলে ২৮ জন, শহীদ হবিবুর রহমান হলে ২০ জন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৫ জন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া শহীদ মীর আব্দুল কাইয়ুম ডরমিটরিতে সোমালিয়ান এবং নেপালিয়ান ১০ থেকে ১৫ জন অবস্থান করছেন।
বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষার্থী কাব্য রায় বলেন, ‘দীর্ঘ ৫ বছরের ক্যাম্পাস জীবনে এই প্রথমবার ফাঁকা ক্যাম্পাসে ঈদ উদযাপন করছি। বেশ কৌতূহল কাজ করছে। যদিও প্রথমে হল বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে হল প্রাধ্যক্ষ বরাবর আবেদন করে হলে অবস্থান করছি। ক্যাম্পাসে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি। হলে এবং ক্যাম্পাসে পর্যাপ্ত পাহারাদার মামারা আছেন।’
নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউল্লাহ জানান, ঈদের দিন প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য দুপুরে বিশেষ খাবারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ভিন্নধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
