রংপুরে বাড়ছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। বেশির ভাগই পড়াশোনা করছেন রংপুর মেডিক্যাল কলেজ, বেগম রোকেয়া ও হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে। বিষয়টি নিশ্চিত করে রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের কর্মকর্তারা জানান, গত সাত বছরে রংপুর পাসপোর্ট ও ভিসা অফিস থেকে বিশ্বের ৩২টি দেশের ৪ হাজার ৫২০টি ভিসা নবায়ন হয়েছে।
তাদের মধ্যে নেপাল ও ভারতীয়দের সংখ্যা বেশি। রংপুরের বিশিষ্ট শিক্ষাবিদ শাহ আলম জানান, বিদেশি নাগরিকদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দেওয়া হলে রংপুরে তাদের উপস্থিতি আরো বাড়বে। কারণ রংপুর এখন শিক্ষার নগরীতে পরিণত হয়েছে। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো। পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৭ সালে ভিসা নবায়নের জন্য জমা হয়েছে ১ হাজার ১০৫টি ও ১৮ সালে তা বেড়ে হয়েছে ১ হাজার ৪৪৩টি। ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত জমা হয়েছে ৭৭৪টি।
রংপুরে ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি মেশিন রিডেবল ভিসা (এমআরভি) চালু হওয়ার পর থেকে ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত মোট ভিসা নবায়ন করা হয়েছে ৪ হাজার ৫২০টি। এখন পর্যন্ত চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক, ফ্যামিলি পর্যটক, মেশিনারি, নো-ভিসা রিকোয়ার্ড ও গবেষণাসহ ৩৩টি শ্রেণিতে ভিসা নবায়ন করা হয়েছে। একই সময়ে নবায়নের মাধ্যমে সরকার রাজস্ব পেয়েছে ৯৭ লাখ ৬৭৫ টাকা। ৩২টি দেশের মধ্যে ভিসা গ্রহণকারী দেশের শীর্ষে রয়েছে নেপাল। তাদের সংখ্যা ১ হাজার ৯৭৫। ভারতীয়দের সংখ্যা ১ হাজার ৬৫৩। তৃতীয় স্থানে চীনের ব্যবসায়ী ৫৩৭ জন, সোমালিয়া থেকে ১১৪, পাকিস্তান ৭৭, ভুটান ৬২, মালদ্বীপ ২৯, নাইজেরিয়া ২৩, আমেরিকা ও বেলজিয়ামের রয়েছে পাঁচ জন করে।
রংপুরে অবস্থানরত বিদেশি নাগরিকদের মধ্যে চিকিত্সা শাস্ত্রে শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। তারা রংপুর মেডিক্যাল, বেসরকারি কমিউনিটি মেডিক্যাল কলেজ, প্রাইম মেডিক্যাল, নর্দান মেডিক্যাল কলেজ, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক আবু নোমান জাকির হোসেন বলেন, ‘এখন যারা পাসপোর্ট বা ভিসা করতে আসেন তারা স্বচ্ছতার সঙ্গে করছেন। তাদের প্রতি তীক্ষ নজর রয়েছে যেন তারা বিড়ম্বনায় না পড়েন। বিদেশি নাগরিকদের উপস্থিতিতে অর্থনীতির গতি ও রাজস্ব আয় বাড়ছে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
