এইমাত্র পাওয়া

নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা: ট্রাম্পের সিদ্ধান্তকে প্রতিশোধমূলক দাবি হার্ভার্ডের

ঢাকাঃ আগামী ছয় মাসের জন্য নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৪ জুন) এক নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা জারি করেন। নিষেধাজ্ঞার কারণে এই সময়ের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কোনো নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হতে পারবেন না। এই সিদ্ধান্তকে ‘প্রতিশোধমূলক’ ও ‘বেআইনি’ হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেন, ‘এটি প্রশাসনের আরেকটি বেআইনি ও প্রতিশোধমূলক পদক্ষেপ, যা সংবিধানের প্রথম সংশোধনীতে পাওয়া আমাদের অধিকার লঙ্ঘন করে।’ তিনি জানান, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুরক্ষায় হার্ভার্ড প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

একই দিনে ট্রাম্প আরও একটি নির্বাহী আদেশে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। এই নিষেধাজ্ঞা আগামী সোমবার থেকে কার্যকর হবে। এতে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়াও বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমিনিস্তান ও ভেনেজুয়েলার নাগরিকদের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাড়তি জটিলতার মুখোমুখি হবেন।

গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসনের সঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। একের পর এক অনুদান বাতিল এবং বিদেশি শিক্ষার্থী ভর্তির ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিকে নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এসব পদক্ষেপ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

ট্রাম্প এর আগে হার্ভার্ডে ডেমোক্র্যাট ও কট্টর বামপন্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব অভিযোগ নাকচ করে দিয়েছে এবং প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার কথা জানিয়েছে।

হার্ভার্ডের দাবি, প্রশাসনের এসব উদ্যোগ শিক্ষার স্বাধীনতার পরিপন্থী এবং যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading