এইমাত্র পাওয়া

জবি শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা না করে সড়ক ছাড়বেন না

ঢাকাঃ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা না করে সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার দিবাগত রাত ১০টার দিকে ঘটনাস্থলে আসেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং ভিড় থেকে কেউ একজন তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারেন।

মাহফুজ আলম বলেন, ‘এই মিছিলটা হঠাৎ পুরান ঢাকা থেকে কাকরাইল পর্যন্ত চলে এসেছে, আমরা জানি না। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, শিক্ষক-শিক্ষার্থীরা যখন আন্দোলন করবেন আপনারা অবশ্যই তাদের সঙ্গে প্রথমে ডায়ালগ করার চেষ্টা করবেন, প্রথমে কোনোভাবেই ফোর্স ইউজ করবেন না।’

‘আমাদের একটা ট্রমা আছে, আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছি, আমি মনে করি, প্রতিটা পদে যারা নেতারা আছেন, আমি দেখলাম শিক্ষকরা ওদের কাছে পরাজিত হয়েছে এবং শিক্ষকরা তাদের কাছে অসহায়। শিক্ষকদের কোনো মরাল অথরিটি তাদের ওপরে নাই। এটা আমার জন্য দেখা দুঃখজনক ছিল। আমি শুনেছি কয়েকজন শিক্ষকও এ ঘটনায় আহত হয়েছেন,’ বলেন তিনি।

জবি শিক্ষার্থীদের উদ্দেশে মাহফুজ বলেন, ‘যেকোনো আন্দোলন সরকার শুনতে রাজি আছে, বসতে রাজি আছে, কথা বলতে রাজি আছে। ড. মুহাম্মদ ইউনূস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকটের বিষয়ে অবগত।’

শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানসহ তিন দফা দাবি আদায়ে এদিন দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মৎস্য ভবন এলাকা অতিক্রম করে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ে পৌঁছালে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা যমুনার অভিমুখে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ে অবস্থান নেন।

তাদের তিন দফা দাবি হলো—আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.