খাগড়াছড়িঃ খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজে একাদশ শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময় হল থেকে তিন ঘণ্টার পরীক্ষার কিছু সময় আগে খাতা জমা দেওয়ায় ২৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেন কর্তৃপক্ষ। শিক্ষার্থী বহিষ্কারাদেশের প্রতিবাদ করায় পরীক্ষার দায়িত্বে থাকা দুইজন শিক্ষককে পরীক্ষার হলরুমে ইনভিজিলেটরের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়।
প্রত্যাহার হওয়া শিক্ষক কলেজের দর্শন বিভাগের প্রভাষক নাজমুস সাকিব এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে আমরণ অনশন শুরু করেন। অনশনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরাও শিক্ষকের প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
ছাত্র-শিক্ষকের তীব্র প্রতিবাদের ফলে কলেজ কর্তৃপক্ষ দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন। সেই সঙ্গে দুই শিক্ষককে পরীক্ষার হলরুমে ইনভিজিলেটরের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
এ বিষয়ে রামগড় সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক নাজমুস সাকিব বলেন, গত ২৮ এপ্রিল কলেজে একাদশ শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তিন ঘণ্টার কিছু সময় আগে খাতা জমা দেওয়ায় অন্যায়ভাবে ২৯ জন ছাত্রছাত্রীকে বহিষ্কার করা হয়। তিন ঘণ্টার আগে পরীক্ষার হল থেকে কেউ বের হতে পারবে না- এরকম কোনো লিখিত নির্দেশনা আমরা পাইনি। শিক্ষার্থীরা জানেও না তারা কেন বহিষ্কার হয়েছে।
তিনি বলেন, গণিত বিভাগের প্রভাষক মো. কামরুল হাসান ও আমাকে পরীক্ষার হলের ইনভিজিলেটরের দায়িত্ব থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদের আমি একাই অনশন শুরু করি। দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ নোটিশ দিয়ে প্রত্যাহার করেন। এছাড়া পরীক্ষার হলরুমে আমিসহ দুজন শিক্ষককে ইনভিজিলেটরের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করায় অনশন স্থগিত করেছি।
রামগড় সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মংসাজাই মারমা বলেন, একাদশ শ্রেণির যে ২৯ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তা আমরা প্রত্যাহার করা নিয়েছি। যে দুজন শিক্ষককে পরীক্ষার হলরুমে ইনভিজিলেটরের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়েছে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৪/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
