বরগুনার আমতলী পৌরশহরের পল্লবী আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে কলেজ শিক্ষার্থী জাহিদুল ইসলাম (১৯)। এ ঘটনায় আমতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার পাকুরগাছিয়া গ্রামের জাকির হোসেনের পুত্র জাহিদুল ইসলাম আমতলী পৌরশহরের পল্লবী এলাকায় ভায়েরা সামসুল আলমের বাসায় থেকে ইটবাড়িয়া টেকনিক্যাল কলেজে এইচএসসি ইলেক্ট্রিক্যাল শাখায় দ্বিতীয় বর্ষে লেখাপড়া করে। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাসা থেকে ইউএনও অফিসের সামনে যাওয়ার কথা বলে বের হয়ে অদ্যবধি বাসায় ফেরেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। গত ২ দিন ধরে জাহিদুলের সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা বাদী হয়ে বুধবার রাতে আমতলী থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ জাহিদুল ইসলামের বাবা জাকির হোসেন বলেন, আমার ছেলে গত দুই ধরে নিখোঁজ রয়েছে। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে বুধবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেছি। আমতলী থানার ওসি মো. আবুল বাসার বলেন, কলেজ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন তার পিতা। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীকে খুঁজে বের করতে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
