বগুড়াঃ বগুড়ার শেরপুর উপজেলায় তিথি দত্ত (২০) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে শহরের কর্মকার পাড়ায় একটি ভবনের দ্বিতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিথি দত্ত ওই ভবনের ব্যালকনির গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবার জানিয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ কী, তা তাঁরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।।
পরিবার সূত্রে জানা গেছে, তিথি দত্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা করছিলেন। গত ১ মার্চ তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার পর পরিবারের সঙ্গে বাড়িতে ফিরে আসেন।
তিথি দত্তের পরিবার বলছে, ৬ মার্চ রাতে পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত পৌনে দুইটার দিকে তিথির মা ওয়াশ রুমে যাওয়ার সময় মেয়ের কক্ষের লাইট জ্বলতে দেখেন। বেশ কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দেন। তখন তিনি দেখতে পান, তিথি ব্যালকনির গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা দ্রুত তিথিকে নামিয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আজ শুক্রবার সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে পরিবারের কেউ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। তিথি দত্তের মানসিক অবস্থা বা অন্য কোনো বিশেষ চাপ ছিল কি না, সে বিষয়েও পুলিশি অনুসন্ধান চলছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
