নরসিংদী: নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে অন্তর্ভুক্ত করার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কলেজের একাডেমিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ১০টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে নরসিংদী কলেজটি একমাত্র বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনে দুর্নীতি ও অনিয়মের মধ্যে পরিচালিত হচ্ছে। তারা দাবি করেন, বৈষম্যের শিকার হয়ে কোনো সুযোগ-সুবিধা ছাড়াই পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানটি।
গত বছরের ১৮ আগস্ট থেকে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে চার দফা দাবি জানিয়ে আসছিলেন। তবে তাঁত বোর্ড তাদের দাবি উপেক্ষা করে শিক্ষার্থীদের ন্যায়সংগত অধিকার দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। অবশেষে তারা এক দফা দাবিতে উপনীত হন: নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধীনে পরিচালনার দাবি।
শিক্ষার্থীরা জানান, পাঁচ মাস ২৩ দিন পেরিয়ে গেলেও কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। তারা অভিযোগ করেন যে আমলাতান্ত্রিক জটিলতা ও বেআইনি কর্মকাণ্ড ধামাচাপা দিতে যৌক্তিক আন্দোলন উপেক্ষা করা হচ্ছে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে ১০ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে। এর ফলে জনগণের ভোগান্তির দায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ওপর বর্তাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী জাহিদ হাসান, আশিকুর রহমান, হাসিব, ইউসুফ আলী, জুবায়ের ইকবাল ও কাউছারুজ্জামানসহ আরও অনেকে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
