এইমাত্র পাওয়া

‘গুজব ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা’ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করলো মাউশি

নিজস্ব প্রতিবেদক।। সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (২২ জানুয়ারি) অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও মূল্যায়ন) অধ্যাপক মো. আবেদ নোমানি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২ জানুয়ারি অধ্যাপক আবেদ নোমানির সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বা প্রপাগান্ডার সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিদ্ধান্তটি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পরিসরে সমালোচনা হয়। এরপর ওই সিদ্ধান্ত বাতিল জানিয়ে আজ বিজ্ঞপ্তি জারি করেছে মাউশি।

অধ্যাপক নোমানি বলেন, ‘মাউশি ও শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে আগের নির্দেশনা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।’

তবে, এটি বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি।

২ জানুয়ারির নির্দেশনায় বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার মাসিক সমন্বয় সভায় বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ধরনের অপপ্রচার, প্রপাগান্ডা ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যেন কোন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও তৎপর থাকার সিদ্ধান্ত হয়।

বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রপাগাণ্ডা ও গুজব ইত্যাদি বিষয়ের সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তিতে।

শিক্ষাবার্তা /এ/২৩/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading