নিজস্ব প্রতিবেদক।। বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা আগের মতো দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করা না হলে সারা দেশে শাটডাউন কর্মসূচির হুমকি দিয়েছেন চিকিৎসকরা। গতকাল রবিবার বিকাল ৪টায় সচিবালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ হুমকি দেন।
বক্তারা বলেন, আমরা এরই মধ্যে সব ধরনের টেবিলওয়ার্ক সম্পন্ন করেছি। আমরা চেয়েছি যেন টেবিলেই বিষয়টি সমাধান হয়। কিন্তু দীর্ঘ এক মাস ধরে টেবিল থেকে টেবিলে ঘুরলেও সমস্যা সমাধানের কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখছি না। তাই বাধ্য হয়ে রাজপথেই বয়স বৃদ্ধির সমাধান আদায় করতে নেমেছি।
চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত সংগঠন ইউনাইটেড মেডিক্যাল অর্গানাইজেশনস অব বাংলাদেশ’র (ইউমব) চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসাইন বলেন, আমরা চাই না আবারও শাহবাগ অবরোধ হোক, আমরা চাই না চিকিৎসকরা রাজপথে নেমে আসুক। চিকিৎসকরা রাজপথে এলে কর্মবিরতি দিয়ে আসবে। তখন রোগীদের দুর্ভোগ হলেও আমাদের কিছু করার থাকবে না। আমরা বিষয়টি টেবিলে সমাধান করতে চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমরা সেটি পারিনি।
ভয়েস অব ডক্টরসের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মিনহাজুল আবেদীন বলেন, ৪৭তম বিসিএসের আবেদন এরই মধ্যে শুরু হয়েছে। কিন্তু এখনও চিকিৎসকদের সমস্যাটি সমাধান হচ্ছে না। বিসিএসে সবার বয়স বৃদ্ধি করা হলেও চিকিৎসকদের বৃদ্ধি করা হয়নি। এক আমাদের সঙ্গে এটা বড় ধরনের বৈষম্য।
বাংলাদেশ মেডিক্যাল কমিউনিটির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. রায়হান আসার বলেন, আমরা জানি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শাটডাউন দিলে রোগীরা কষ্ট পায়। তাই কর্মসূচিতে যেতে চাই না।
মানববন্ধনে আরও বক্তব্য দেন চিকিৎসক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. মো. মঈন উদ্দিন চিশতি প্রমুখ।
শিক্ষাবার্তা /এ/২০/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
