এইমাত্র পাওয়া

বেরোবিতে শিক্ষার্থীদের তিন দফা দাবি, তালা ঝোলানোর হুঁশিয়ারি

রংপুরঃ জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত ও দ্রুত অপরাধীদের নাম প্রকাশসহ তিন দফা দাবি জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা। দাবি মানা না হলে আগামী ৬ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, গেলো দুই মাস আগে বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় প্রশাসনের পক্ষ থেকে ছাত্র আন্দোলনে জড়িত ৭২ জন অপরাধীর তালিকার কথা উল্লেখ করা হলেও এখনো তাদের নাম প্রকাশ করা হয়নি। তাই আগামী ৫ জানুয়ারির মধ্যে অপরাধীদের তালিকা প্রকাশ ও ছাত্র সংসদ নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করতে হবে।

এসময় শহীদ আবু সাঈদের রক্তমাখা ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের শাস্তির নীতিমালা প্রকাশেরও দাবি তোলেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে আগামী ৬ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এসময় বক্তব্য রাখেন রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রহমত আলী, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান, বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.