টঙ্গীতে স্কুলছাত্র হত্যায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

গাজীপুরের টঙ্গীতে স্কুলছাত্র শুভ আহম্মেদ (১৫) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এর সদস্যরা। গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব- ১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১ জানায়, বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় র‌্যাব-১ এর সদস্যরা অভিযান চালান। এ সময় প্রধান আসামি মৃদুল হাসান পাপ্পু ছাড়াও সাব্বির আহমেদ, রাব্বু হোসেন রিয়াদ ও নূর মোহাম্মদ রনিকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের বয়স ১৬ বছর। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গ্রেপ্তার পাপ্পু, পিরোজপুরের মঠবাড়িয়া থানার পাঠাকাটা এলাকার মো. মহিউদ্দিনের ছেলে। আর সাব্বির আহমেদ গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানার পাগার ফকির মার্কেট এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে। এছাড়া রিয়াদ একই এলাকার মো. নুরুল ইসলাম খোকনের ছেলে, আর রনি আলতাফ উদ্দিনের ছেলে। গ্রেফতাররা সবাই ফিউচার ম্যাক স্কুলের শিক্ষার্থী।

র‌্যাব জানায়, গত ৭ জুলাই রাত ৯টার দিকে স্কুলছাত্র শুভ আহম্মেদ তার মাথার চুল কাটাতে সেলুনের উদ্দেশে বাসা থেকে বের হয়। পরে টঙ্গীর বিসিক ফকির মার্কেট এলাকায় শুভ আহম্মেদকে আসামিরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা রাজু আহম্মেদ টঙ্গী পূর্ব থানায় মৃদুল হাসান পাপ্পু এবং অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়, হত্যার একদিন আগে ভিকটিম শুভ আহম্মেদের সঙ্গে স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.