এইমাত্র পাওয়া

সরকারি স্কুলে ভর্তি পরীক্ষায় অনিয়ম, ডিসির সঙ্গে বাক-বিতণ্ডা

ফরিদপুর জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে শিক্ষার্থী ও অভিভাবকরা আন্দোলন কর্মসূচি পালন করছে। মঙ্গলবার আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে কথা বলেন। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে তাদের বাদানুবাদ হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেয়ার দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক ফরিদপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যান কথা বলতে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। এসময় জেলা প্রশাসক অতুল সরকার একটি কর্মসূচি পালন করতে বাইরে যাবার উদ্যোগ নিলে বিক্ষোভকারীদের দ্বারা বাধাপ্রাপ্ত হন।

জেলা প্রশাসক প্রথমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে রাজি হননি। পরে তিনি পাঁচজনের সঙ্গে কথা বলতে রাজি হন। জেলা প্রশাসকের কক্ষে পাঁচজনের স্থলে ২৫/৩০ জন গিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। বিক্ষোভকারীদের অভিযোগ এবং জেলা প্রশাসকের পাল্টা বক্তেব্যে উভয়ের মধ্যে বাদানুবাদ হয়। পরীক্ষায় অতিয়মের অভিযোগ নাকচ করে দিয়ে জেলা প্রশাসক এ আন্দোলনে শিশুদের ব্যবহার করায় আন্দোলনকারীদের ভর্ৎসনা করেন। অভিভাবক ও বিক্ষোভকারীদের দাবির মুখে জেলা প্রশাসক বলেন, যারা খাতা চ্যলেঞ্জ করতে চান তারা খাতা চ্যালেঞ্জ করতে পারেন। একটি কমিটি এ বিষয়টি যাচাই করবে। তবে নতুন করে পরীক্ষা নেয়ার কোনো সুযোগ নেই বলেও তিনি সাফ জানিয়ে দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.