সুনামগঞ্জঃ সরকার শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “আমরা চাই না, ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে। আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে তারা আমারই ভাই, কার ওপর কঠোর হব?”
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, “কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারে। তাদের প্রতিনিধি গিয়ে আমাদের সঙ্গে সমস্যা নিয়ে আলাপ করতে পারে। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ করতে পারে।”
হাওরের কৃষি নিয়ে উপদেষ্টা বলেন, “কৃষিপণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কি না সেটা দেখার বিষয়। কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে সেটি দেখা হচ্ছে।”
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার, আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
