নিজস্ব প্রতিবেদক।।জোর করে অধ্যক্ষ পদে বসে যাওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণসহ সাত দফা দাবিতে ছাত্রদের আন্দোলন ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা ঢাকা সিটি কলেজ খোলার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (১৬ নভেম্বর) ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ নভেম্বর থেকে কলেজ খোলা হবে। প্রথমদিন একাদশ শ্রেণির ক্লাস হবে। তবে প্রথম সেমিস্টারের ক্লাস টেস্ট হবে না। পরদিন (২০ নভেম্বর) দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। তবে দ্বাদশ শ্রেণিরও প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে না। এ ছাড়া স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির ক্লাস শুরু হবে ২১ নভেম্বর থেকে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগসহ মোট ৭ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। আন্দোলন ঠেকাতে কলেজ কর্তৃপক্ষ ৪ নভেম্বর নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে।
শিক্ষার্থীদের অভিযোগ, বৈধ অধ্যক্ষকে জোর করে সরিয়ে দিয়ে কাজী মোহাম্মদ নিয়ামুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে বসে গেছেন।
এরপর অবৈধভাবে একই দিন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ পদে নিয়োগ দেন মো. মোখলেছুর রহমানকে। জোর করে পদে বসে যাওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নানা স্বেচ্ছাচারিতা, বিভিন্ন কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম করে আসছেন। এসব কারণে আন্দোলনে যান শিক্ষার্থীরা।
শিক্ষাবার্তা ডটকম/এ/১৭/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
