এইমাত্র পাওয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষককে মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বুধবার (৩০ অক্টোবর) আখাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক নাজনীন আক্তার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলমান। গণিত পরীক্ষার দিন একটি কক্ষে শিক্ষার্থীরা দেখাদেখি করে লিখতে শুরু করলে তাদেরকে নিষেধ করা হয়।

তখন শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের কিছুটা মনোমালিন্যও হয়। এ ঘটনার পর থেকেই শিক্ষকদের কাছে ফোনে হুমকি আসতে থাকে। ২৭ ও ২৮ অক্টোবর মোট ছয়জন শিক্ষককে হুমকি দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, দেখাদেখি করে লিখতে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা নাকি তাদের পক্ষে কেউ এটা করছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, বিদ্যালয়ের শিক্ষকদের হুমকির ঘটনায় থানায় একজন লিখিত দিয়েছেন। তবে শিক্ষার্থীরা হুমকি দিয়েছে কিনা সেটা শিক্ষকরা বলতে পারছেন না। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.