নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বশেমুরকৃবি) কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
কৃষি প্রাধান্য এ ৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরীক্ষা শুরু হবে। এ ৯টি কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বশেমুরকৃবি’র সেকশন অফিসার (জনসংযোগ) রনি ইসলাম বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে ৩ হাজার ৭১৮টি। এর মধ্যে বশেমুরকৃবি’র ৬টি অনুষদে আসন রয়েছে ৪৩৫টি। এবারের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৭৫ হাজার ১৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করবেন যার মধ্যে ৭ হাজার জন বশেমুরকৃবি’র কেন্দ্রে অংশগ্রহণ করবেন।
এ বিষয়ে বশেমুরকৃবি’র প্রশাসনিক ও আর্থিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দেওয়ার জন্য সকল কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে কোন রকমের অসুবিধার সম্মুখীন না হন সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে বশেমুরকৃবি প্রশাসন।
উল্লেখ্য, এবারের গুচ্ছ পরীক্ষার সার্বিক তত্ত্ববধানে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
