সাড়ে তিন হাজার অনার্স-মাস্টার্স শিক্ষককে এমপিওভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সাড়ে তিন হাজার অনার্স-মাস্টার্স শিক্ষককে এমপিওভুক্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন।

বুধবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা।

নূরে আলম খন্দকারের সভাপতিত্বে ও মীর মো. সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা উম্মে সালমা, সাবেক সভাপতি মো. রাশেদুল হক খান, সাধারণ সম্পাদক মো. নাহিদুল ইসলাম, ফরহাদ হোসেন ভূঁইয়া, দিদারুল আলম, মোসাম্মৎ শায়লা সুলতানা, মো. মিজানুর রহমান, মো. মামুনুর রশীদ, ইয়াসমিন ফেরদৌসী, মো. হান্নান মিয়া ও সৈয়দ কাইজারুল ইসলাম মুহিত।

এ সময় বক্তারা বলেন, একই প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে একই কলেজের ইন্টার ও ডিগ্রি শিক্ষকরা সরকারি বেতন পাচ্ছেন। তাছাড়া, সদ্য জাতীয়করণ হওয়া কলেজগুলোতে অনার্স-মাস্টার্স শিক্ষকরাও নন-ক্যাডার মর্যাদা পেয়েছেন। ডিগ্রি পর্যায়ে জনবল কাঠামোতে না থাকলেও শিক্ষকরা এবং বেসরকারি মাদরাসায় কামিল (মাস্টার্স) শ্রেণি স্তরের নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও এমপিওভুক্ত হচ্ছেন। অথচ আমাদের প্রতি সম্পূর্ণ বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে।

তারা বলেন, বছরের পর বছর আমরা নিয়মিত দায়িত্ব পালন করলেও আমাদের রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয়নি।

তারা অবিলম্বে এ ব্যাপারে বিশেষ পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.