গ্রাম পুলিশকে ১৯-২০তম গ্রেড দিতে নির্দেশ

সারা দেশে দায়িত্বরত ৪৭ হাজার গ্রাম পুলিশের মধ্যে দফাদারদের জাতীয় বেতন স্কেলের ১৯তম গ্রেড এবং মহল্লাদারদের ২০তম গ্রেডে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুজিববর্ষ শুরু হওয়ার আগেই সেই বেতন কাঠামো অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এক রায়ে ওই নির্দেশ দেন।

ধামরাইয়ের কুশুরা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ কমান্ডার হিসেবে দায়িত্বরত লাল মিয়া, মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউপির মহল্লাদার মো. সাইদুর দেওয়ানসহ দেশের ৩৫৫ জন গ্রাম পুলিশের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি করে ওই রায় দেন আদালত। রিট আবেদনকারীদের আইনজীবী ছিলেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ও নূর আলম সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.