প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বহিষ্কৃত শিক্ষার্থীদের ২৮ ডিসেম্বর আবার পরীক্ষা নিয়ে ৩১ ডিসেম্বর পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া প্রাথমিক সমাপনী পরীক্ষায় শিশুদের বহিষ্কারের পর জারি করা রুলের জবাব না পেয়ে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট বহিষ্কৃত সব শিক্ষার্থীর তালিকাসহ ৮ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) হাজির হতে নির্দেশ দিয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) হাইকোর্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। প্রাথমিক সমাপনী পরীক্ষায় শিশু বহিষ্কারের বিষয়টি হাইকোর্টের নজরে আনা আইনজীবী জামিউল হক ফয়সাল আদালতে শুনানি করেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। ‘পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শিরোনামে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে এনে এ বিষয়ক প্রয়োজনীয় নির্দেশনা চান সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম জামিউল হক ফয়সাল।
এরপর গত ২১ নভেম্বর হাইকোর্ট পিইসি পরীক্ষায় শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। রুলে বহিষ্কার হওয়া শিশুদের পুনরায় পরীক্ষা নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয় এবং দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়। কিন্তু আজ রুলের জবাব না পেয়ে আদেশ দিলেন হাইকোর্ট।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
