নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আশরাফুল হক। ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। গত ৫ সেপ্টেম্বর তিনি এ পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির অনুমোদনে ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ঢাকা আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের চিঠির আলোকে অধ্যাপক ড. মো. আশরাফুল হক আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেছেন।
ড. আশরাফুল হক ওআইসির অঙ্গপ্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফান্ডল্যান্ড থেকে এমএসসি ও পিএইডি ডিগ্রি অর্জন করেন।
তাছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক আশরাফুল হক শিক্ষাজীবনে সব বিষয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন।
অধ্যাপক ড. আশরাফুল হক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক নিয়োগের জন্য বিভিন্ন সিলেকশন বোর্ডে বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করেছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
